নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ফলাফল প্রস্তুতের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশের সম্ভাব্য লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। ফল প্রস্তুতের বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় ফল প্রস্তুতের কাজ কিছুটা পিছিয়ে যায়। তবে দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত লিখিত পরীক্ষাগুলো পরবর্তীতে অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর শেষ হয়। এরপর দ্রুততার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। নিয়ম অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখের বেশি

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষার জন্য সারাদেশে কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।

এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

সব কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হলে নভেম্বরের মাঝামাঝি সময়েই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *